কূটনৈতিক সহযোগিতা নাকি মিলছে না, নয়াদিল্লিতে বন্ধ হল আফগান দূতাবাস

মীযান ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক ফাটল বাড়ল প্রতিবেশি দেশ ভারতের। কাবুল প্রশাসনের তরফে অভিযোগ করা হয়েছে নয়াদিল্লির কাছ থেকে নাকি কূটনৈতিক সহযোগিতা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। এই অভিযোগেই নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কাবুল প্রশাসন। একথা জানিয়ে আফগান দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। এই সিদ্ধান্তকে দুঃখজনক ও হতাশাজনক বলে বর্ণনা করা হয়েছে।

ভারতের থেকে সহযোগিতার অভাবের কথা জানিয়ে আফগান দূতাবাস শনিবার রাতে ঘোষণা করে, ১ অক্টোবর রবিবার থেকে দিল্লিতে তারা তাদের কাজ বন্ধ করছে। বিবৃতিতে তারা এই সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশও করে বলেছে, ‘অত্যন্ত দুঃখ ও হতাশার সঙ্গে নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাস তাদের কার্যক্রম বন্ধ করার এই সিদ্ধান্ত ঘোষণা করছে।’

তবে কেবলমাত্র আফগান নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সংক্রান্ত ‘কনসুলার সার্ভিস’ আপাতত চালু থাকবে। খবরে প্রকাশ, তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকৃতি না দিলেও আফগানিস্তানে মানবিক, বাণিজ্যিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য চালু রাখার জন্য কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করেনি দিল্লি। আবার পদচ্যুত আশরফ গণি সরকারের নিযুক্ত কূটনীতিকদের দিল্লির আফগান দূতাবাস থেকে কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এ দিন প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখ, অনুতাপ ও হতাশার সঙ্গে নয়াদিল্লির আফগান দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তান ও ভারতের দীর্ঘ, ঐতিহাসিক সহযোগিতার প্রেক্ষিতে সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তাদএর বিবৃতিতে এও বলা হয়েছে, কূটনীতিকদের ভিসা পুনর্নবীকরণ-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সাহায্য না মেলায় দূতাবাসের টিমের মধ্যেও হতাশা দেখা দিচ্ছিল। একই সঙ্গে কর্মী ও সম্পদের অভাবও তাদের সুষ্ঠু ভাবে কাজ করার পথে বাধা সৃষ্টি করছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: