মীযান ডেস্ক: বছর আড়াই আগে গুজরাটের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে নিজের নামে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নিজের নামে ট্রেন উদ্বোধন করে নয়া ইতিহাস গড়লেন তিনি। কারণ, দেশের আর কোনও প্রধানমন্ত্রী জীবদ্দশায় কোনও সরকারি প্রকল্প নিজের নামে করেননি। নিজের নামাঙ্কিত এই ট্রেনের নাম দেওয়া হয়েছে নমো ভারত। নমো শব্দের পুরোকথা হল নরেন্দ্র মোদি।
শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিনি ঘোষণা করেন, ভারতীয় রেলের চিত্রটাই বদলে যেতে চলেছে আগামী ১০ বছরে। ১০ বছরের মধ্যে অমৃত ভারত, বন্দে ভারত এবং নমো ভারত হতে চলেছে ভারতের রেলের পরিচয়। দিল্লি থেকে উত্তরপ্রদেশের মিরাট পর্যন্ত এক্সপ্রেসওয়ে আগেই চালু হয়েছে। সেই রুটেই এবার রিজিওনাল র্যাপিড ট্র্যানসিট সিস্টেম ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অত্যাধুনিক ইন্টারসিটি ক্যাটিগরির ট্রেনের নাম দেওয়া হয়েছে নমো ভারত। আগামী দিনে রাজ্যে রাজ্য এরকম নমো ভারত ট্রেন চালু হবে। নিজের নামে চালু হওয়া ট্রেনই যে ভবিষ্যতে ভারতীয় রেলের এক উজ্জ্বল বিজ্ঞাপন, সেকথা জানিয়ে মোদি বলেছেন, নমো ভারত ভবিষ্যতের ভারত। এদিনও মোদি নারীশক্তির জয়গান গেয়ে বলেন, এই নতুন ট্রেনের চালক থেকে কর্মী সকলেই মহিলা।
বস্তুত অমৃত ভারত, বন্দে ভারত এবং নমো ভারতই যে নতুন ভারতের রেলওয়ে পরিবহন, সেই আভাস এদিন দিয়েছেন মোদি। এতদিন ভারতীয় রেলের আওতায় থাকা যাবতীয় ট্রেনের নকশা এবং প্রযুক্তি বদলে আগামী দিনে শুধুই তাঁর শাসনকালে চালু হওয়া নয়া ভারতের ট্রেনই চলবে। অর্থাৎ নিজেকে ভারতীয় রেলের নয়া রূপকার হিসেবে জাহির করলেন মোদি। এদিন তিনি নিজেই বলেন, নমো ভারত ট্রেন ভারতের রেল পরিবহণের একটি নতুন সফর শুরু করল। তাঁর বক্তব্য, আমি ছোটখাটে স্বপ্ন দেখি না। আমি চাই বিশ্বের উন্নত দেশে যেমন অত্যাধুনিক ট্রেন চলে, ভারতেও চলবে সেইরকমই উন্নত মানের ট্রেন।
