মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট সার্কেলে সর্বস্তরের কর্মীদের নিয়ে এক বিশেষ তরবিয়াতী ইজতেমা হয়ে গেল। শুক্রবার ২০ অক্টোবর গুলিস্তান ইসলামিক মডেল স্কুল ক্যাম্পাসে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নারী-পুরুষ মিলিয়ে এদিনের ইজতেমায় প্রায় ৩০০ কর্মী অংশগ্রহণ করেন। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হালকা ডা. মশিহুর রহমান, দুই প্রাক্তন আমীরে হালকা ডা. রইসউদ্দীন সাহেব ও মুহাম্মদ নূরুদ্দিন শাহ, জামাআতের রাজ্য বিভাগীয় সেক্রেটারি মুহাম্মদ তাহেরুল হক, জেলা নাযিম সানোয়ার আলি পৈলান প্রমুখ বিশিষ্টজন।
তাহেরুল হক সাহেবের দারসে কুরআন এর মাধ্যমে ইজতেমার ফাতিহা হয়। প্রারম্ভিক ভাষণ দেন ব্লক নাযিম আবুল হাসান সাহেব। জেলা নাযিম পৈলান সাহেব জামাআতের নতুন মীকাতের চতুর্বার্ষিকী পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। “যারা আল্লাহর জন্য একে অপরকে ভালবাসে” – এই বিষয়ে আলোকপাত করেন জিআইও-র প্রতিনিধি নাঈমা হুসাইনা। একই বিষয়ে বিস্তারিত জ্ঞানগর্ভ আলোচনা করেন সাবেক আমীরে হালকা জনাব মুহাম্মদ নূরুদ্দিন সাহেব। প্রাক্তন আমীরে হালকা ডা. রইসউদ্দীন সাহেব জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আর্থ-সামাজিক সংকট ও তা নিরসনে জামাআতের চতুর্বার্ষিকী পরিকল্পনার ভূমিকা বিষয়ে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন।
বর্তমান আমীরে হালকা ডা. মসিহুর রহমান সাহেব উপস্থিত সব স্তরের কর্মীদের সামনে তাযকিয়া ও তারবিয়াতের উদ্দেশ্যে দশটি নসিহত করেন। যা খুবই মূল্যবান ও সময়োপযোগী। এরপর খুতবা ও জুম্মার নামায পরিচালনা করেন প্রবীণ রুকনে জামাআত মাওলানা শওকত আলি সাহেব। বিকালে আরকানে জামাআতদের সঙ্গে আমীরে হালকার বৈঠকের পর ইজতেমা সমাপ্ত হয়।
