লন্ডনে চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

মীযান ডেস্ক: চার বছর বিদেশে স্ব-আরোপিত নির্বাসিত জীবন কাটিয়ে পাকিস্তানে ফিরলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার দুপুরে তার বিমান রাজধানী ইসলামাবাদের বিমানবন্দরে অবতরণ করে। নওয়াজের এই ফিরে আসা আগামী বছরের প্রথম দিকে হতে চলা পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করেই। তাই চার বছর পর তার স্বদেশে প্রত্যাবর্তনকে মূলত জাতীয় রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

পাকিস্তান বর্তমানে নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত। এহন পরিস্থিতিতে নওয়াজ শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগকে (পিএমএলএন) সাধারণ নির্বাচনে জয়ী করার আশা নিয়ে দেশে ফিরেছেন। নওয়াজের প্রাথমিক প্রতিপক্ষ ও ব্যাপক জনপ্রিয় ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। নওয়াজের বাই শাহবাজ শরিফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম থাকায় ২০১৭ সালে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয় নওয়াজকে। তারপর থেকে লন্ডনে ছিলেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছিল। এরই মধ্যে তাঁর স্ত্রী কুলসুম নওয়াজের ইন্তেকাল হয়।

৭৩ বছর বয়সী নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০-১৯৯৩, ১৯৯৭-১৯৯৯ এবং ২০১৩-২০১৭ মেয়াদে ক্ষমতায় ছিলেন। তিনবার প্রধানমন্ত্রী হলেও কখনোই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি। ১৯৯৩ সালে সামরিক-সমর্থিত প্রেসিডেন্ট তাকে পদ থেকে অপসারণ করেন। ১৯৯৯ সালে সেনা প্রধান জেনারেল পারভেজ মুশাররফ অভ্যুত্থান ঘটিয়ে মসনদ দখল করলে ক্ষমতাচ্যুত হন নওয়াজ। সর্বশেষ ২০১৭ সালে সুপ্রিম কোর্ট তাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য বলে ঘোষণা করে রায় দেয়।

সেসময় দুটি পৃথক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৭ এবং ১০ বছরের কারাদণ্ড হলে নওয়াজ এক বছরেরও কম সময় কারাগারে কাটান। পরবর্তীতে চিকিৎসার জন্য ব্রিটেন চলে যান। তারপর থেকে অসুস্থতার কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে বর্তমানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল জয়লাভ করে। ইমরান খানের তেহরিক এ ইনসাফ পার্টির সরকারে বারংবার দেশে ফিরতে আদালতের নির্দেশকে উপেক্ষা করেন নওয়াজ শরীফ।

বৃহস্পতিবার নওয়াজকে সাময়িক স্বস্তি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। অ্যাভেনফিল্ড এবং আল-আজিজিয়া দুর্নীতি মামলায় ২৪ অক্টোবর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও স্থগিত করেছেন দুর্নীতি দমন আদালত। সুতরাং আপাতত তিনি জেলের বাইরেই থাকবেন।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: