মীযান ডেস্ক: আরবি ভাষা সাহিত্যের বিশ্ববন্দিত শিক্ষক ও সৌদি আরবের মদিনা ইসলামী ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ড. ভি আবদুর রহিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে মদিনায় তাঁর প্রয়াণ হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
তার রচিত ‘দুরুসুল লুগাতিল আরাবিয়াহ’ নামক বইটি সারা বিশ্বের আরবি ভাষার শিক্ষার্থীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। ড. ভি আবদুর রহিম ১৯৩৩ সালের ৭ মে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভানিয়ামাবাদে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে পবিত্র কুরআন ও প্রাথমিক পড়াশোনা সমাপ্ত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেন।
সেখানে তিনি ঐচ্ছিক বিষয় হিসেব আরবি ভাষা শেখেন এবং পুরোপুরি নিজের তত্ত্বাবধানেই তা পড়েন। তবে মুখস্থনির্ভর এমন ভাষা শেখার পদ্ধতি তার পছন্দ ছিল না। তখন থেকেই তিনি ভাষা শেখার আধুনিক পদ্ধতি নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন। অতঃপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৫৭ সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
১৯৬১ সালে তিনি এখান থেকেই ইসলাম শিক্ষা ও আরবি ভাষা বিষয়ে স্নাতকোত্তর স্তরে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। এরপর তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইংরেজি ভাষার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৪ সালে বিশ্ববিখ্যাত মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষাবিদ্যা (অ্যারাবিক ফিলোলজি) বিষয়ে পুনরায় স্নাতকোত্তর ডিগ্রি হাসিল করেন। ১৯৭৩ সালে আরবি ভাষার উৎপত্তি নিয়ে গবেষণা করে পিএইচডি করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল ইমাম আবু মানসুর আল-জাওয়ালিকি লিখিত বিখ্যাত গ্রন্থ ‘আল-মুআররাব মিনাল কালামিল আজামি আলা হুরুফিল মুজাবি’। উর্দু, আরবি ও ইংরেজির পাশাপাশি তিনি প্রায় ১৪টি ভাষায় পণ্ডিত ছিলেন।
এরপর সুদানের উম্ম দুরমান ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে তিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির আরবি ভাষা বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি আরবি ভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করেন। সেখানে দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনে তিনি মাস্টার্স, পিএইচডিসহ আরবি ভাষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাঠদান করতেন। আরবি ভাষা শিক্ষা প্রসারে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, কানাডা, পাকিস্তান, ভারত, ফিলিপাইনসহ বিশ্বের নানা দেশে আরবি ভাষা কোর্সের দায়িত্ব পালন করেন। তাছাড়া রিয়াদের ইমাম সাউদ ইসলামিক ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরিচালিত ইন্দোনেশিয়ার আরবি ভাষা ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন তিনি।
১৯৯৫ সালে মদিনার বিখ্যাত কোরআন মুদ্রণ প্রতিষ্ঠান কিং ফাহাদ কমপ্লেক্সের অনুবাদ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। এ সময়ে এই কমপ্লেক্স থেকে বিশ্বের ৭৫টি ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশিত হয়। ১৯৯৬ সালে আরবি ভাষায় অসামান্য অবদানের জন্য তিনি ভারতের রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন।
